নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ভয়াবহ ব্যাটিং ধসে মাত্র ১০২ রানেই অলআউট হয়েছে বাংলাদেশ। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে কার্টেল ওভারের (১৫ ওভার) ম্যাচে ৪ উইকেটে ৮৬ রান থাকা অবস্থান থেকে মাত্র ১৬ রান যোগ করতেই শেষ ৬ উইকেট হারায় টাইগাররা।
শনিবার ম্যাচে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠান নিউজিল্যান্ড অধিনায়ক টম ল্যাথাম। সিরিজের প্রথম ম্যাচ জিতে ১-০ ব্যবধানে এগিয়ে ছিল বাংলাদেশ, আর দ্বিতীয় ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছিল।
শুরুটা মোটামুটি ভালো হলেও ইনিংস বড় করতে পারেননি ব্যাটাররা। ওপেনার সাইফ হাসান ১১ বলে ১৬ রান করে জেইডেন লেনক্সের বলে ক্যাচ আউট হন। এরপর দ্রুত উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। তানজিদ হাসান তামিম ১০ বলে ৬ রান করে বোল্ড হন, আর পরের বলেই গোল্ডেন ডাক মারেন পারভেজ হোসেন ইমন।
বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে ৬.৪ ওভারে বাংলাদেশের সংগ্রহ ছিল ৩ উইকেটে ৫০ রান। বিরতির পর অধিনায়ক লিটন দাস কিছুটা আক্রমণাত্মক ব্যাটিং করলেও বেশিক্ষণ টিকতে পারেননি। ১৭ বলে ২৬ রান করে ক্লার্কসনের বলে ক্যাচ দিয়ে ফেরেন তিনি।
এরপর তাওহীদ হৃদয় প্রতিরোধের চেষ্টা করেন। ২৪ বলে ৩৩ রানের ইনিংসে ছিল তিনটি চার ও দুটি ছক্কা। তবে অন্য প্রান্তে নিয়মিত উইকেট পড়তে থাকায় বড় সংগ্রহ গড়া সম্ভব হয়নি। শামীম হোসেন ৮ বলে ৩ রান করে আউট হন, আর সুযোগ পাওয়া মোহাম্মদ সাইফউদ্দিন গোল্ডেন ডাক মেরে ফিরে যান।
শেষদিকে রিশাদ হোসেন ৪ বলে ৫ রান করেন। শেখ মেহেদী ৬ বলে ৭ রানে অপরাজিত থাকলেও দলকে বড় সংগ্রহে নিতে পারেননি। শেষ পর্যন্ত ১৪.২ ওভারে ১০২ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ।

