জামালপুর জেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মো. সাদ বাবু রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। রোববার (৩ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি নিজের ক্যারিয়ার গঠনে মনোযোগ দেওয়ার কথা জানিয়ে এ সিদ্ধান্তের কথা প্রকাশ করেন।
সাদ বাবু জামালপুরের মাদারগঞ্জ উপজেলার গুনারীতলা ইউনিয়নের নিশ্চিন্তপুর এলাকার বাসিন্দা এবং মাজহারুল ইসলাম খাদেমের ছেলে। তার ঘোষণার পর স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
ফেসবুক পোস্টে তিনি উল্লেখ করেন, ২০১৮-১৯ সাল থেকে সক্রিয়ভাবে রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং ২০২১-২২ সালে জামালপুর জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। দলের দুঃসময়ের বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণের কথাও তুলে ধরেন তিনি।
তবে দীর্ঘ সময় রাজনীতিতে সক্রিয় থাকার কারণে নিজের ক্যারিয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মনে করছেন সাদ বাবু। তিনি লেখেন, এখন জীবনের লক্ষ্য ও ভবিষ্যৎ গঠনের দিকে মনোযোগ দিতে চান। এজন্য ছাত্রদলের সব ধরনের কার্যক্রম থেকে অব্যাহতি নিচ্ছেন এবং ভবিষ্যতে রাজনীতিতে আর ফিরবেন না।
এছাড়া পোস্টে তিনি সহকর্মীদের উদ্দেশে লেখেন, রাজনৈতিক কর্মকাণ্ডে কারও সঙ্গে অন্যায় বা খারাপ আচরণ করে থাকলে ছোট ভাই হিসেবে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ জানিয়েছেন।
এ বিষয়ে জামালপুর জেলা ছাত্রদলের সভাপতি আতিকুর রহমান সুমিল বলেন, সাদ বাবু আগের কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ছিলেন। তার রাজনীতি ছাড়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে এখনো জানা হয়নি।

