ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা চলছে, যেখানে প্রাথমিক ফলাফলে এগিয়ে রয়েছে ভারতীয় জনতা পার্টি। অন্যদিকে পিছিয়ে পড়েছে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস।
দলটি এগিয়ে থাকার খবরে রাজধানী কলকাতা-র বিজেপি কার্যালয়ের সামনে উৎসবমুখর পরিবেশ দেখা গেছে। বার্তাসংস্থা এএনআই প্রকাশিত ভিডিওতে দেখা যায়, দলটির নেতাকর্মীরা রঙ খেলায় মেতে ওঠেন এবং একে অপরকে মিষ্টিমুখ করান।
পশ্চিমবঙ্গ বিধানসভায় মোট আসন সংখ্যা ২৯৪টি। এর মধ্যে একটি আসনে পুনরায় ভোটগ্রহণের সিদ্ধান্ত হওয়ায় আজ ২৯৩টি আসনের ফলাফল ঘোষণা করা হচ্ছে। সরকার গঠনের জন্য প্রয়োজন ১৪৮টি আসনে জয়।
প্রায় চার ঘণ্টার গণনা শেষে পাওয়া তথ্য অনুযায়ী, বিজেপি ১৬৭টি আসনে এগিয়ে রয়েছে। বিপরীতে, মমতা বন্দ্যোপাধ্যায়-এর নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে ৮২টি আসনে।
এছাড়া বিজিপিএম, ভারতীয় কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) এবং অল ইন্ডিয়া স্টুডেন্টস ফেডারেশন একটি করে আসনে এগিয়ে রয়েছে। তবে কেন্দ্রের প্রধান বিরোধী দল ভারতীয় জাতীয় কংগ্রেস এখনো কোনো আসনে এগিয়ে থাকতে পারেনি।
উল্লেখ্য, গত ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় পশ্চিমবঙ্গের ২৯৪টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

