কুষ্টিয়ায় আন্তঃবিভাগ মিনি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করতে গিয়ে তুমুল হট্টগোলের মুখে পড়েছেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা। বৃহস্পতিবার (৭ মে) সকাল সাড়ে ১০টার দিকে কুষ্টিয়া সরকারি কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।
শিক্ষার্থীদের অভিযোগ, প্রধান অতিথি হিসেবে কলেজ মাঠে টুর্নামেন্ট উদ্বোধনে আসেন এমপি আমির হামজা। এ সময় ‘সাধারণ শিক্ষার্থী’ ব্যানারে একদল শিক্ষার্থী মঞ্চের সামনে জড়ো হয়ে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে থাকেন। পরে তিনি মাঠে প্রবেশ করলে বিক্ষোভকারী শিক্ষার্থীরা সেখানে গিয়েও একই ধরনের স্লোগান দেন এবং মাঠের ভেতরে বসে পড়েন।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে কলেজের অধ্যক্ষ এমপি আমির হামজাকে নিয়ে তার কার্যালয়ে চলে যান। পরে বিক্ষোভকারী শিক্ষার্থীরা অধ্যক্ষের কক্ষের সামনেও অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। একপর্যায়ে পুলিশের সঙ্গে কলেজ ক্যাম্পাস ত্যাগ করেন সংসদ সদস্য আমির হামজা।
বিক্ষোভকারী শিক্ষার্থীরা জানান, কুষ্টিয়া সরকারি কলেজে দুই দিন আগে কয়েকটি গাছ কাটার ঘটনায় তারা ক্ষুব্ধ। তাদের দাবি, স্থানীয় সংসদ সদস্য হিসেবে বিষয়টি নিয়ে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এ কারণেই তারা প্রতিবাদ জানিয়েছেন।
ঘটনার পর মুফতি আমির হামজার নামে পরিচালিত একটি ফেসবুক পেজে দাবি করা হয়, ছাত্রদলের নেতাকর্মীরা তাকে অবরুদ্ধ করে রেখেছিল। তবে পোস্টটিতে ‘এডমিন’ উল্লেখ ছিল।
এ বিষয়ে বক্তব্য নিতে একাধিকবার মুফতি আমির হামজার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন, খবর পেয়ে পুলিশ কলেজে যায়। তিনি জানান, আমির হামজাকে অবরুদ্ধ করে রাখার অভিযোগ সঠিক নয়। অধ্যক্ষের কার্যালয় থেকে তিনি পুলিশের সঙ্গেই বের হয়ে ক্যাম্পাস ত্যাগ করেন।

