জামালপুরে দলবদ্ধ ধর্ষণ, অপহরণ ও ধর্ষণের পৃথক তিনটি মামলায় রায় ঘোষণা করেছেন আদালত। এসব মামলায় তিনজনকে মৃত্যুদণ্ড, একজনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং এক কিশোর আসামিকে ১০ বছরের আটকাদেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৭ মে) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন।
মামলার বিবরণে জানা যায়, ২০২৪ সালের ১৯ এপ্রিল রাতে ইসলামপুর উপজেলার বেলগাছা ইউনিয়নের শিলদহ গ্রামে নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে বাড়ি থেকে ডেকে নিয়ে দলবদ্ধ ধর্ষণ করা হয়। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা ইসলামপুর থানায় মামলা দায়ের করেন। মামলায় পাঁচজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আসামি মো. শিপন, মো. ইব্রাহিম ও ইউসুফ আলীকে মৃত্যুদণ্ড দেন। দণ্ডিত তিনজনই একই এলাকার বাসিন্দা।
এছাড়া, জামালপুর সদর উপজেলার বাঁশচড়া এলাকায় এক কিশোরীকে অপহরণের দায়ে মাহবুবুল আলম রাব্বিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে দুই লাখ টাকা জরিমানাও করা হয়েছে।
অন্যদিকে, দেওয়ানগঞ্জ উপজেলার এক কিশোরীকে ধর্ষণের মামলায় আসামি হৃদয় মিয়াকে ১০ বছরের আটকাদেশ দেওয়া হয়েছে।
আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ফজলুল হক জানান, রায় ঘোষণার সময় চারজন আসামি আদালতে উপস্থিত ছিলেন। তবে বাকিরা পলাতক রয়েছেন। আদালত পলাতক আসামিদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে।

