ভারতের বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। একদিকে তৃণমূল কংগ্রেসের ভরাডুবি, অন্যদিকে বিজেপির উত্থানকে কেন্দ্র করে বিভিন্ন জেলায় তৈরি হয়েছে টানটান পরিস্থিতি। এরই মধ্যে অভিনেতা ও তৃণমূল কংগ্রেসের সাংসদ দেবকে ঘিরে একটি অস্বস্তিকর ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা যায়, ফলাফল ঘোষণার পর এক স্থানে উপস্থিত হলে উত্তেজিত জনতার একটি অংশ দেবকে লক্ষ্য করে ‘চোর চোর’ স্লোগান দিতে শুরু করে। আচমকা এমন পরিস্থিতিতে কিছুটা অপ্রস্তুত হয়ে পড়েন অভিনেতা-সাংসদ। চারপাশের উত্তেজনাপূর্ণ পরিবেশের মধ্যে কোনো প্রতিক্রিয়া না জানিয়ে দ্রুত স্থান ত্যাগের চেষ্টা করেন তিনি।
ঘটনার ভিডিও ও ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর রাজনৈতিক মহলে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। বিরোধী শিবিরের দাবি, এটি তৃণমূল কংগ্রেসের প্রতি সাধারণ মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ। যদিও এ বিষয়ে এখন পর্যন্ত দেব বা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
অন্যদিকে, ভাইরাল ভিডিও ঘিরে দেবের ভক্তদের মধ্যেও দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ তাকে রাজনীতি থেকে সরে দাঁড়ানোর অনুরোধ জানিয়েছেন, আবার কেউ মন্তব্য করেছেন— তাকে শুধুই সিনেমার পর্দায় দেখতে চান।
বিশ্লেষকদের মতে, মানুষের ক্ষোভ মূলত ‘রাজনীতিক দেব’-কে কেন্দ্র করে, ‘অভিনেতা দেব’-কে নয়। কারণ ব্যক্তি ও অভিনেতা হিসেবে এখনও দর্শকদের ভালোবাসা ধরে রেখেছেন তিনি। নির্বাচনী প্রচারণার সময়ও তার উপস্থিতিতে ব্যাপক জনসমাগম দেখা গিয়েছিল, যা অনেকের মতে তার জনপ্রিয়তারই প্রতিফলন।
এদিকে আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে উঠে এসেছে, রাজনৈতিক পরিবর্তনকে ইতিবাচকভাবেই দেখছেন দেব। তিনি বলেন, “ইন্ডাস্ট্রিতে আর কেউ কাউকে ‘ব্যান’ করতে পারবে না। প্রযোজকদের ওপর নিয়মের বোঝা চাপানো হবে না। সুষ্ঠুভাবে কাজ হবে, কাজের পরিমাণও বাড়বে। বাইরের কাজও আসবে।”
রাজনীতি নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করে দেব বলেন, “রাজনীতিতে আর বেশি জড়াতে চাই না। আগের মতো মন দিয়ে অভিনয়টাই করতে চাই। এটাই বরাবর করে এসেছি।”
তিনি আরও বলেন, “সবসময় ইন্ডাস্ট্রির মঙ্গল চেয়েছি। যারা ইন্ডাস্ট্রির ভালো চাইবেন, আমি নেপথ্যে থেকে সবসময় তাদের পাশে থাকব।”

