টালিউড সুপারস্টার দেব ২০১৪ সালে তৃণমূল কংগ্রেসের হাত ধরে রাজনীতিতে যোগ দিলেও এবার যেন নিজের অবস্থান নতুন করে স্পষ্ট করলেন। দীর্ঘ এক দশকের বেশি সময় সাংসদ হিসেবে দায়িত্ব পালনের পর তিনি জানিয়েছেন, ভবিষ্যতে রাজনীতির চেয়ে অভিনয়েই বেশি মনোযোগ দিতে চান।
বুধবার (৬ মে) সন্ধ্যায় পশ্চিমবঙ্গের রাজনৈতিক পালাবদলের প্রেক্ষাপটে বিজেপির জয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা জানান সাবেক এই সাংসদ। ফেসবুক পোস্টে দেব লেখেন, বাংলায় নতুন সরকার গঠনের জনাদেশ পাওয়ায় তিনি বিজেপিকে অভিনন্দন জানাচ্ছেন এবং আশা করছেন নতুন সরকার রাজ্যের উন্নয়ন, শান্তি ও মানুষের মতামতকে গুরুত্ব দেবে।
একই সঙ্গে বাংলা চলচ্চিত্র শিল্প নিয়েও নিজের প্রত্যাশার কথা তুলে ধরেন তিনি। দেব বলেন, চলচ্চিত্র শিল্পে বিভাজন ও নিষেধাজ্ঞার সংস্কৃতি দূর করে ঐক্য ও শৈল্পিক স্বাধীনতার পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন। তার মতে, বাংলা সিনেমার বিকাশ পারস্পরিক শ্রদ্ধা ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই সম্ভব।
নিজের নির্বাচনী এলাকা ঘাটালের উন্নয়ন প্রসঙ্গেও কথা বলেন এই অভিনেতা। তিনি ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়নে নতুন সরকারের সহযোগিতা কামনা করেন। দেবের ভাষায়, এটি শুধু রাজনৈতিক বিষয় নয়; বরং মানুষের জীবন ও জীবিকা রক্ষার সঙ্গে জড়িত একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ।
আনন্দবাজার পত্রিকার প্রতিবেদন অনুযায়ী, দলের পরাজয়ে কষ্ট পেলেও রাজ্যের পরিবর্তনকে স্বাগত জানিয়েছেন দেব। তিনি বলেন, চলচ্চিত্র অঙ্গনে আর কাউকে ‘ব্যান’ করা বা প্রযোজকদের ওপর অযথা চাপ সৃষ্টি করা উচিত নয়। এতে শিল্পের কাজের পরিবেশ আরও উন্নত হবে এবং বাইরের কাজও বাড়বে।
সবশেষে দেব স্পষ্টভাবে জানান, তিনি আর রাজনীতিতে বেশি জড়াতে চান না। আগের মতো অভিনয়েই মন দিতে চান। পাশাপাশি তিনি আশ্বাস দেন, বাংলা চলচ্চিত্র শিল্পের স্বার্থে ভবিষ্যতেও নেপথ্যে থেকে কাজ করে যাবেন।
তবে তৃণমূলের পরাজয়ের পর সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া কিছু ভিডিও ঘিরে ভক্তদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকে তাকে রাজনীতি থেকে সরে দাঁড়িয়ে পুরোপুরি অভিনয়ে মন দেওয়ার পরামর্শ দিয়েছেন। বিশ্লেষকদের মতে, সমালোচনার বড় অংশ ‘রাজনীতিক দেব’-কে ঘিরে হলেও ‘অভিনেতা দেব’-এর জনপ্রিয়তায় এখনো ভাটা পড়েনি।

