ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার গোপীনাথপুরের বাতানবাড়ি সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে মোরসালিন (২৭) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। শনিবার সকালে কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ছামিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মোরসালিন ধজনগর বাতানবাড়ি এলাকার খেবজু মিয়ার ছেলে।
নিহতের পরিবারের সদস্যরা জানান, শুক্রবার রাতে কয়েকজন যুবক মোরসালিনকে বাড়ি থেকে ডেকে নিয়ে খামারহাটি সীমান্ত এলাকায় যান। এ সময় বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি চালালে ঘটনাস্থলেই মোরসালিন নিহত হন। পরে তার মরদেহ ভারতীয় ভূখণ্ডে নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন স্বজনরা।
কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ছামিউল ইসলাম বলেন, বিএসএফের গুলিতে একজন নিহত হওয়ার তথ্য তারা পেয়েছেন। বিষয়টি নিয়ে বিস্তারিত খোঁজখবর নেওয়া হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চোরাচালান-সংক্রান্ত কোনো ঘটনার জের ধরে এ ঘটনা ঘটে থাকতে পারে।
এ ঘটনায় সীমান্ত এলাকায় উত্তেজনা ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে এবং নিহতের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

