বিএনপিই প্রথম শাপলা চত্বরের হত্যাকাণ্ডকে গণহত্যা হিসেবে স্বীকৃতি দিয়েছিল বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, এ ধরনের গণহত্যার বিচার নিশ্চিতে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে।
শুক্রবার (৮ মে) জাতীয় জাদুঘর মিলনায়তনে শাপলা চত্বরের শহিদদের স্মরণে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকারের জাতীয় সংসদের প্রথম দিনেই শাপলা গণহত্যার শহিদদের স্মরণ করা হয়েছে এবং দায়ীদের বিচারের আওতায় আনার বার্তা দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, শাপলা চত্বরের ঘটনার বিচার ও শহিদদের মর্যাদা প্রতিষ্ঠার দাবিতে বিএনপি শুরু থেকেই রাজনৈতিক অবস্থান নিয়েছে এবং ওই ঘটনার প্রতিবাদে দুই দিনের হরতালের ডাকও দিয়েছিল।
অনুষ্ঠানে শাপলা স্মৃতি সংসদের চেয়ারম্যান মাওলানা মুহাম্মাদ মামুনুল হক শাপলা চত্বরের সমাবেশকে গণমানুষের সমাবেশ হিসেবে উল্লেখ করে নিহতদের রাষ্ট্রীয় সম্মান ও স্বীকৃতি দেওয়ার দাবি জানান।
এসময় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া অভিযোগ করেন, শাপলা চত্বরের ইতিহাস মুছে ফেলার চেষ্টা করা হয়েছিল।
মাওলানা মুহাম্মাদ মামুনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— সাইদ উদ্দিন আহমাদ হানজালা, মাওলানা ইউসুফ আশরাফ, মাওলানা জালাল উদ্দীন, মাওলানা আহমদ আলি কাসেমী, আব্দুল কাইয়ুম সোবহানী, অ্যাডভোকেট তাজুল ইসলাম, নাসির উদ্দিন পাটোয়ারী এবং মিয়া গোলাম পরওয়ারসহ বিভিন্ন রাজনৈতিক ও ধর্মীয় নেতারা।

