বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত না করে কোনো উন্নয়ন কার্যক্রম সফল হতে পারে না। তিনি বলেন, আগে মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, এরপর স্বচ্ছ ও কার্যকর উন্নয়নের উদ্যোগ নিতে হবে।
রোববার (১০ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।
পোস্টে ডা. শফিকুর রহমান উল্লেখ করেন, সম্প্রতি নওগাঁ জেলায় ৪ জন, চট্টগ্রামে ৩ জন এবং গাজীপুরে ৫ জনকে গলা কেটে হত্যা করা হয়েছে। এছাড়া গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বাগচালা গ্রামে গরু চোর সন্দেহে ৩ জনকে পিটিয়ে হত্যার ঘটনাও ঘটেছে।
তিনি প্রশ্ন তুলে বলেন, এসব ঘটনা শুধু সামাজিক বিশৃঙ্খলার ফল, নাকি আইনের যথাযথ প্রয়োগ না থাকায় সৃষ্ট জনঅসন্তোষের বহিঃপ্রকাশ—তা ভেবে দেখার সময় এসেছে।
বিনা বিচারে কোনো হত্যাকাণ্ড সমর্থনযোগ্য নয় উল্লেখ করে তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয় ও বিচার বিভাগ জনগণের কাছে গ্রহণযোগ্যতা অর্জন না করা পর্যন্ত দেশে প্রকৃত আইনের শাসন প্রতিষ্ঠা সম্ভব নয়।
তিনি আরও বলেন, সরকারের সদিচ্ছা ও কার্যকর উদ্যোগের মাধ্যমেই এসব সামাজিক সমস্যার সমাধান সম্ভব। জনগণের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই রাষ্ট্র পরিচালনা করতে হবে।

