পাকিস্তানের বিপক্ষে মিরপুর টেস্টের তৃতীয় দিনের খেলা চলাকালে শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হঠাৎ ফ্লাডলাইটে আগুন লাগার ঘটনা ঘটেছে। শনিবার (১০ মে) দ্বিতীয় সেশনের শেষদিকে প্রেসিডেন্টস বক্সের পেছনে থাকা একটি ফ্লাডলাইটে আগুনের শিখা ও ধোঁয়া দেখা যায়। তবে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি।
সাধারণত টেস্ট ম্যাচে ফ্লাডলাইট ব্যবহারের প্রয়োজন না হলেও এদিন মিরপুরের আকাশ ছিল মেঘাচ্ছন্ন। ফলে আলো স্বাভাবিকের তুলনায় কম থাকায় মাঠ আলোকিত রাখতে ফ্লাডলাইট চালু করা হয়। তবে কিছুক্ষণের মধ্যেই একটি ফ্লাডলাইটে আগুনের ঘটনা ঘটে, যা উপস্থিত দর্শক ও সংশ্লিষ্টদের মধ্যে সাময়িক আতঙ্ক সৃষ্টি করে।
আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। তবে প্রাথমিকভাবে বৈদ্যুতিক ত্রুটি বা শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এর আগেও শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে একই ধরনের ঘটনা ঘটেছিল। ২০২৩ সালের আগস্টে স্টেডিয়ামের পূর্ব পাশের একটি ফ্লাডলাইটে আগুন লাগে। এবার দক্ষিণ পাশের ফ্লাডলাইটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল।

