যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান উত্তেজনা নিরসনে কূটনৈতিক উদ্যোগ ভেস্তে যাওয়ার আশঙ্কায় বিশ্ববাজারে আবারও বেড়েছে জ্বালানি তেলের দাম। ওয়াশিংটন ও তেহরানের পাল্টাপাল্টি হুমকি এবং ইরানের সর্বশেষ শান্তি প্রস্তাব যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রত্যাখ্যান করায় আন্তর্জাতিক বাজারে সরবরাহ সংকটের শঙ্কা আরও তীব্র হয়েছে।
এশীয় অঞ্চলের লেনদেন শুরুর পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী হতে দেখা যায়। আন্তর্জাতিক বাজারে বহুল ব্যবহৃত ব্রেন্ট ক্রুড ফিউচারসের দাম প্রতি ব্যারেলে ৩০ সেন্ট বা ০.২৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১০৪.৫১ ডলারে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম ৩১ সেন্ট বা ০.৩২ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৯৮.৩৮ ডলারে পৌঁছেছে।
এর আগে সোমবারও বিশ্ব তেলের বাজারে বড় ধরনের উল্লম্ফন দেখা যায়। দিনশেষে ব্রেন্ট ও ডব্লিউটিআই—উভয় ধরনের তেলের দাম প্রায় ২.৮ শতাংশ পর্যন্ত বেড়েছিল। বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে সংঘাত দীর্ঘায়িত হলে জ্বালানি রপ্তানি ব্যাহত হওয়ার ঝুঁকি তৈরি হতে পারে। সেই আশঙ্কাতেই বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ বাড়ছে এবং বাজারে অস্থিরতা দেখা দিচ্ছে।
সম্প্রতি ইরান যুদ্ধ পরিস্থিতি নিরসনে একটি শান্তি প্রস্তাব দিলেও সেটিকে প্রকাশ্যে প্রত্যাখ্যান করেন ডোনাল্ড ট্রাম্প। ফলে অঞ্চলজুড়ে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ব্যবস্থার ভবিষ্যৎ নিয়েও বাড়ছে অনিশ্চয়তা।

