নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি বাসায় বিস্ফোরণের ঘটনায় একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। সোমবার (১১ মে) সকাল সাড়ে ৬টার দিকে ফতুল্লার শিবু মার্কেট সংলগ্ন কুতুবপুর রাখিবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন— আব্দুল কাদের (৫০) ও তার তিন ছেলে মেহেদী (১৭), জমজ সন্তান সাকিব (১৬) ও রাকিব (১৬)। গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল কাদের পেশায় একজন অটোরিকশাচালক। তার ছেলে মেহেদী হালিম বিক্রি করতেন, সাকিব একটি কারখানায় কাজ করতেন এবং রাকিব চটপটি বিক্রি করতেন। ঘটনার সময় বাবা ও তিন ছেলে ঘুমিয়ে ছিলেন। পরিবারের মা রান্নার কাজে পানি আনতে ঘরের বাইরে থাকায় তিনি অক্ষত থাকেন।
প্রতিবেশী মো. ফারুক জানান, বিকট শব্দে বিস্ফোরণের পর আশপাশের লোকজন ছুটে গিয়ে দেখেন ঘরের দরজা-জানালা ভেঙে গেছে। পরে দগ্ধ অবস্থায় পরিবারের সদস্যদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
তিনি আরও জানান, গ্যাস লিকেজ থেকে জমে থাকা গ্যাস কিংবা ফ্রিজের কম্প্রসার বিস্ফোরণের কারণে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে বিস্ফোরণের প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, আব্দুল কাদেরের শরীরের ৫৭ শতাংশ, মেহেদীর ১৮ শতাংশ, সাকিবের ১৭ শতাংশ এবং রাকিবের ২৫ শতাংশ দগ্ধ হয়েছে। এছাড়া মেহেদী ও রাকিবের শ্বাসনালীও পুড়ে গেছে। চারজনের অবস্থাই গুরুতর বলে জানিয়েছেন তিনি।

