ব্রাজিল জাতীয় ফুটবল দলের তরুণ তারকা এস্তেভাও উইলিয়ান আসন্ন বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তির অধীনে দুর্দান্ত পারফর্ম করা এই ফুটবলার ৭ ম্যাচে ৫ গোল ও ৫ অ্যাসিস্ট করে নজর কাড়েন। তবে শেষ পর্যন্ত ইনজুরির কারণে বিশ্বকাপ খেলার স্বপ্ন ভেঙে যেতে বসেছে তার।
গত এপ্রিলের শেষ দিকে হ্যামস্ট্রিং ইনজুরিতে আক্রান্ত হন এস্তেভাও। শুরুতে ধারণা করা হয়েছিল, দ্রুত সেরে উঠে বিশ্বকাপ দলে জায়গা করে নিতে পারবেন তিনি। কিন্তু ইএসপিএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, ব্রাজিল জাতীয় দল ও ক্লাব চেলসির চিকিৎসক দল টুর্নামেন্টের আগে তাকে শতভাগ ফিট ঘোষণা করতে পারেনি।
চিকিৎসার জন্য সম্প্রতি সাবেক ক্লাব পালমেইরাসে ফিরে যান এস্তেভাও। সেখানে তাকে বেশ হতাশ ও বিমর্ষ দেখা গেছে বলেও জানিয়েছে বিভিন্ন সূত্র। পরিস্থিতি বিবেচনায় নিয়ে কোচ কার্লো আনচেলত্তি তাকে ছাড়াই ব্রাজিলের ৫৫ সদস্যের প্রাথমিক বিশ্বকাপ স্কোয়াড জমা দিয়েছেন বলে জানা গেছে। ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ‘গ্লোবো’ও বিষয়টি নিশ্চিত করেছে।
ফিফার নিয়ম অনুযায়ী, জাতীয় দলগুলোকে ১১ মের মধ্যে ৫৫ সদস্যের প্রাথমিক স্কোয়াড জমা দিতে হয়েছে। পরবর্তীতে এই তালিকা থেকেই চূড়ান্ত ২৬ সদস্যের বিশ্বকাপ দল ঘোষণা করা হবে।

