চীনের গুয়াংজি ঝুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলের লিউঝৌ শহরের লিউনান জেলায় আঘাত হানা ৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্পে অন্তত ১৩টি ভবন ধসে পড়েছে। এ ঘটনায় দুইজন নিহত হয়েছেন এবং একজন এখনো নিখোঁজ রয়েছেন। স্থানীয় সময় সোমবার ভোরে ভূমিকম্পটি অনুভূত হয় বলে জানিয়েছে স্থানীয় ভূমিকম্প ত্রাণ সদর দপ্তর।
রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভির খবরে বলা হয়েছে, ভূমিকম্পের পরপরই ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার অভিযান শুরু হয় এবং নিরাপত্তার স্বার্থে লিউঝৌ শহর থেকে সাত হাজারের বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। ধসে পড়া ভবনগুলোর নিচে আটকে পড়াদের উদ্ধারে উদ্ধারকর্মীরা কাজ চালিয়ে যাচ্ছেন।
নিহত দুইজন স্বামী-স্ত্রী বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। তাদের বয়স যথাক্রমে ৬৩ ও ৫৩ বছর। এছাড়া নিখোঁজ ব্যক্তির সন্ধানে তল্লাশি অব্যাহত রয়েছে।
রেললাইন ও অন্যান্য অবকাঠামোর অবস্থা পরিদর্শনের পর রেল কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিকম্পের কারণে পরিবহন ব্যবস্থায় কিছুটা বিঘ্ন সৃষ্টি হয়েছে। তবে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়া জানিয়েছে, ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে বিদ্যুৎ, পানি, গ্যাস ও যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক রয়েছে এবং যান চলাচলও চালু আছে।

