সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ‘রাগ করলা’ সংলাপ নিয়ে নেটিজেনদের উন্মাদনার কড়া সমালোচনা করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীর। ভাইরাল সংস্কৃতিকে ঘিরে মানুষের অতিরিক্ত আগ্রহকে তিনি সমাজের ‘দ্বিমুখী আচরণ’-এর প্রতিচ্ছবি হিসেবে উল্লেখ করেছেন।
মঙ্গলবার (১৯ মে) নিজের ফেসবুক প্রোফাইলে দেওয়া এক স্ট্যাটাসে নিলয় আলমগীর লেখেন, “রাগ করলা, রাগ করলা বলতে বলতে তাকে ভাইরাল করো, তারপর তাকে দিয়ে শো-রুম উদ্বোধন করাইয়ো, অ্যাওয়ার্ড প্রোগ্রামে ইনভাইট করে অ্যাওয়ার্ড দিও। তারপর আবার স্ট্যাটাস দিও—রুচির দুর্ভিক্ষ।”
অভিনেতার এই মন্তব্যে মূলত সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ব্যক্তি বা বিষয়কে কেন্দ্র করে তৈরি হওয়া বাণিজ্যিক প্রচারণা ও অতিরঞ্জিত সামাজিক আগ্রহের বিষয়টি উঠে এসেছে। তার ভাষ্য অনুযায়ী, একদিকে মানুষ ভাইরাল কনটেন্টকে ব্যাপকভাবে প্রচার করছে, অন্যদিকে একই বিষয় নিয়ে আবার রুচির সংকটের অভিযোগ তুলছে।
নিলয় আলমগীরের এমন স্পষ্ট বক্তব্য সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেক নেটিজেন তার বক্তব্যের সঙ্গে একমত পোষণ করে মন্তব্য করেছেন, বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে সাময়িক বিনোদন ও ভাইরাল ট্রেন্ডকে অতিরিক্ত গুরুত্ব দেওয়া হচ্ছে।
উল্লেখ্য, সম্প্রতি ‘রাগ করলা, কথাটা ঠিক না বেঠিক’ সংলাপের মাধ্যমে আলোচনায় আসেন কথিত কবিরাজ পরিচয়ে পরিচিত এক ব্যক্তি। পরে জানা যায়, তার নাম ঈমান আলী এবং তিনি গাজীপুরে বসবাস করেন। তাকে ঘিরে সামাজিক মাধ্যমে তৈরি হয়েছে ব্যাপক আলোচনা ও ট্রল।

