খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের (খুমেক) জরুরি অপারেশন থিয়েটারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (২০ মে) ভোর ৬টার দিকে হাসপাতালের ইমারজেন্সি ওটি বিভাগে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার বেশি সময় চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় তিনজন নার্স গুরুতর আহত হয়েছেন।
ইমারজেন্সি ওটির দায়িত্বে থাকা সহকারী অধ্যাপক ডা. দিলীপ কুমার জানান, সকাল ৫টা ৫০ মিনিটের দিকে ইমারজেন্সি অপারেশন থিয়েটারের পাশের পোস্ট-অপারেটিভ রুম অথবা স্টোর রুমে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। পরে আগুন এসির আউটডোর ইউনিট হয়ে অক্সিজেন আউটডোরে ছড়িয়ে পড়ে। অক্সিজেন আউটডোরে আগুন লাগার পর বিস্ফোরণের মতো পরিস্থিতি সৃষ্টি হলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।
তিনি আরও জানান, ওই সময় ওটিতে থাকা দুইজন নার্স ও একজন চিকিৎসক জানালা দিয়ে লাফিয়ে বের হয়ে আহত হন। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন। তবে বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটেনি। ওটি বিভাগের ১৫টি শয্যাতেই রোগী ভর্তি ছিল। আগুন লাগার সঙ্গে সঙ্গেই রোগীদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।
অগ্নিকাণ্ডের ঘটনায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালসহ আশপাশের বিভিন্ন হাসপাতালে রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেক স্বজন রোগীদের অন্য হাসপাতালে স্থানান্তর করেন।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. কাজী আইনুল ইসলাম বলেন, আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে আগুনের কারণে হাসপাতালের অক্সিজেন সরবরাহ ব্যবস্থা ব্যাহত হয়েছে। ফলে আপাতত সব ধরনের অপারেশন কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।

