নির্বাচনের তিন মাসের মধ্যেই দেশে আমূল পরিবর্তনের লক্ষ্যে কাজ শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন এলজিআরডি মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার (২০ মে) দুপুরে ঠাকুরগাঁওয়ের পরিত্যক্ত বিমানবন্দর পরিদর্শন শেষে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নির্বাচনের আগে দলের নেতা যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন, সেগুলো বাস্তবায়নের জন্য ইতোমধ্যে কার্যক্রম শুরু হয়েছে। তিনি জানান, নির্বাচনের তিন মাসের মধ্যেই ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, খাল খননসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচির কাজ শুরু করা হয়েছে।
ঠাকুরগাঁওয়ের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, প্রধানমন্ত্রী নির্বাচনী জনসভায় ঠাকুরগাঁও বিমানবন্দর চালুর প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবেই আজ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী বিমানবন্দর এলাকা পরিদর্শনে এসেছেন। আগামী দুই বছরের মধ্যে বিমানবন্দরটি চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজা খানম রিতা, প্রতিমন্ত্রী রশিদুজ্জামান জামান মিল্লাত, ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম এবং ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।

