নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ওসমান গণি (৩৫) দুর্বৃত্তদের হামলায় নিহত হয়েছেন। বুধবার মধ্যরাতে উপজেলার দুপ্তারা ইউনিয়নের পাঁচগাঁও কবরস্থান এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ওসমান গণি বড় বিনাইরচর গ্রামের মৃত আব্দুল আব্দুর রশিদের ছেলে।
ঘটনার পর দুপ্তারা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রমজান মিয়াসহ তিনজনকে আটক করেছে পুলিশ। আড়াইহাজার থানার ওসি মো. আলাউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, উপজেলার পাঁচগাঁও এলাকায় দীর্ঘদিন ধরে মাটি ক্রয়-বিক্রয়ের ব্যবসা করতেন ওসমান গণি। বুধবার রাত ১২টার দিকে মাটি তোলার কাজে ব্যবহৃত একটি ভেকু ডেবে গেলে খবর পেয়ে তিনি মোটরসাইকেলে কয়েকজন সহযোগীকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে যান। সেখানে পৌঁছালে ২০ থেকে ২৫ জনের একটি মুখোশধারী সশস্ত্র দল তাকে ঘিরে ফেলে। এসময় তারা উপস্থিত সবাইকে হাত উঁচু করে দাঁড়িয়ে থাকতে বলে এবং হঠাৎ করেই ওসমান গণির ওপর হামলা চালায়। হামলাকারীরা তার মাথা, গলা ও ঘাড়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করে। গুরুতর আহত অবস্থায় তিনি মাটিতে লুটিয়ে পড়েন।
পরে স্বজনরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ব্রাহ্মন্দী ইউনিয়ন বিএনপির ১ নম্বর ওয়ার্ড সভাপতি ইসমাইল মিয়া জানান, মাটি তোলাকে কেন্দ্র করে দুপ্তারা ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের এক নেতার সঙ্গে ওসমান গণির বিরোধ চলছিল। ব্রাহ্মন্দী ইউনিয়নের বাসিন্দা হয়ে দুপ্তারা এলাকায় মাটি তোলার অভিযোগ তুলে তার কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। এ নিয়ে মঙ্গলবার উভয়ের মধ্যে বাগ্বিতণ্ডার ঘটনাও ঘটে।
আড়াইহাজার থানার ওসি মো. আলাউদ্দিন জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং আটক তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

