বগুড়ার গাবতলী উপজেলায় গভীর রাতে ঘরে ঢুকে রীতা রানী মজুমদার (৪৫) নামে এক গৃহবধূকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (২০ মে) দিবাগত রাত সোয়া ১২টার দিকে উপজেলার মমিনহাটা দক্ষিণপাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত রীতা রানী মজুমদার স্থানীয় বাসিন্দা বিধান চন্দ্র রায়ের স্ত্রী। তাদের এক ছেলে ও এক মেয়ে ঢাকায় পড়াশোনা করেন। স্বামী-স্ত্রী বাড়িতেই বসবাস করতেন বলে জানা গেছে।
নিহতের স্বামী বিধান চন্দ্র রায় জানান, রাতের খাবার শেষে তারা পৃথক কক্ষে ঘুমাতে যান। রাত আনুমানিক সোয়া ১২টার দিকে দরজায় ধাক্কার শব্দে তার ঘুম ভেঙে যায়। এ সময় পাশের ঘর থেকে স্ত্রীর গোঙানির শব্দ শুনে দ্রুত সেখানে গিয়ে তিনি দেখেন, রীতা রানী রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে আছেন এবং তার গলা কাটা। পরে তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন। ঘটনাস্থলে বাড়ির মূল দরজা খোলা অবস্থায় পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
বগুড়া জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (গাবতলী সার্কেল) হুমায়ুন কবীর জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা ঘরে প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে ওই গৃহবধূকে হত্যা করেছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও জড়িতদের শনাক্ত করে দ্রুত গ্রেফতারের জন্য তদন্ত শুরু করেছে পুলিশ।

