মন্ত্রণালয় পরিচালনায় ব্যর্থতার অভিযোগ তুলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের পদত্যাগ দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
তিনি বলেছেন, দেশে চলমান বৈরী আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যক্রম নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, “সালাহউদ্দিন সাহেবের পদত্যাগ করা উচিত। কারণ তিনি তার মন্ত্রণালয় পরিচালনায় পরিপূর্ণ ব্যর্থ।”
বুধবার (২০ মে) রাজধানীর পুরোনো পল্টনের ডিসিসি হল মিলনায়তনে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্স আয়োজিত ‘জাতীয় অর্থনীতিতে চামড়া শিল্পের ভবিষ্যৎ: চ্যালেঞ্জ ও উত্তরণের রূপরেখা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী আরও বলেন, ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের পাঁচ দফা দাবির সঙ্গে তিনি একমত। তবে শুধু লেদার কলেজ নয়, দেশের চামড়া শিল্পকে এগিয়ে নিতে সরকারকে একটি পূর্ণাঙ্গ লেদার ইউনিভার্সিটি প্রতিষ্ঠার উদ্যোগ নিতে হবে।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের আহ্বায়ক আশরাফ উদ্দিন মাহদী। সভায় দেশের চামড়া শিল্পের উন্নয়ন ও সংকট উত্তরণে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রস্তাব ও পাঁচ দফা দাবি তুলে ধরা হয়।
দাবিগুলোর মধ্যে রয়েছে— অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট ভেঙে চামড়ার ন্যায্য মূল্য নিশ্চিত করা, কোরবানির পশুর চামড়াসহ সাধারণ সময়ের চামড়ার সর্বনিম্ন মূল্য যৌক্তিকভাবে নির্ধারণ ও কঠোর বাস্তবায়ন, আন্তর্জাতিক বাজার সম্প্রসারণ এবং এলডব্লিউজি সনদ অর্জনের মাধ্যমে ইউরোপ ও আমেরিকায় সরাসরি রপ্তানির সুযোগ তৈরি করা।
এছাড়া সরকারি উদ্যোগে প্রশিক্ষণ কার্যক্রম জোরদার করা, বিভাগীয় শহরগুলোতে নতুন ট্যানারি স্থাপন এবং বিদ্যমান লেদার কলেজকে আধুনিকায়নের মাধ্যমে আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার দাবি জানানো হয়।

