চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় সংঘর্ষের ঘটনার রেশ কাটতে না কাটতেই গত ২৪ ঘণ্টায় নগরীতে আরও তিনটি ধর্ষণ ও ধর্ষণচেষ্টার অভিযোগ সামনে এসেছে। সর্বশেষ শুক্রবার রাত ১০টার দিকে খুলশী থানার আমবাগান এলাকায় দুই শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক মাদ্রাসা শিক্ষককে পুলিশি হেফাজতে নিয়েছে পুলিশ।
এর আগে নগরীর আগ্রাবাদ ও বায়েজিদ এলাকায় পৃথক দুটি ঘটনায় ধর্ষণের অভিযোগ ওঠে। সর্বশেষ ঘটনাটি ঘটে খুলশী আবহাওয়া অফিস সংলগ্ন রেললাইনের পাশের একটি মসজিদ-সংলগ্ন মক্তবে। অভিযুক্ত আব্দুল বাতেনের বাড়ি কুমিল্লায়। শিক্ষকতার সুবাদে তিনি দীর্ঘদিন ধরে ওই এলাকাতেই বসবাস করছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী দুই শিশুই ওই শিক্ষকের ছাত্রী এবং সম্পর্কে দুই বোন। তাদের বয়স আনুমানিক ১০ ও ৬ বছর।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান জানান, অভিযোগটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ঘটনার বিস্তারিত জানতে অভিযুক্ত শিক্ষক ও ভুক্তভোগী দুই শিশুকে থানায় নেওয়া হয়েছে। ঘটনার সত্যতা যাচাই শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

