জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ার পর খলিলুর রহমান পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে বহাল থাকবেন কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার প্রধানমন্ত্রীর বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
বুধবার (৩ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, খলিলুর রহমান যদি জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিবেদিতভাবে পালন করতে চান, তাহলে তাঁকে নিউইয়র্কে পর্যাপ্ত সময় দিতে হবে। তবে এর অর্থ এই নয় যে তিনি পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারবেন না। বিষয়টি সম্পূর্ণ প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত এবং প্রধানমন্ত্রী ও খলিলুর রহমানের পারস্পরিক আলোচনার মাধ্যমেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।
নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে স্থানীয় সময় মঙ্গলবার অনুষ্ঠিত ভোটগ্রহণে সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হন খলিলুর রহমান। তাঁর প্রতিদ্বন্দ্বী ছিলেন সাইপ্রাসের বহুপক্ষীয়তাবিষয়ক বিশেষ দূত আন্দ্রেজ কাকাউরিস। গোপন ব্যালটে অনুষ্ঠিত নির্বাচনে মোট ১৯০টি ভোটের মধ্যে খলিলুর রহমান ৯৯ ভোট এবং কাকাউরিস ৯১ ভোট পান। ফলে ৮ ভোটের ব্যবধানে জয় নিশ্চিত করেন বাংলাদেশের প্রার্থী।
দীর্ঘ ৪০ বছর পর বাংলাদেশ আবারও জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির পদে নির্বাচিত হয়েছে। এর আগে বাংলাদেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও জাতীয় সংসদের স্পিকার হুমায়ুন রশীদ চৌধুরী এ দায়িত্ব পালন করেছিলেন। দ্বিতীয় বাংলাদেশি হিসেবে খলিলুর রহমান আগামী এক বছরের জন্য সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব পালন করবেন।
খলিলুর রহমান এক বছরের ছুটি নেবেন কি না—এমন প্রশ্নের জবাবে শামা ওবায়েদ বলেন, এ সিদ্ধান্ত খলিলুর রহমান নিজেই নেবেন এবং যথাসময়ে বিষয়টি জানা যাবে।
এদিকে, জাতিসংঘে দায়িত্ব পালনের কারণে তিনি এক বছর নিউইয়র্কে অবস্থান করবেন এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য একজন ভারপ্রাপ্ত মন্ত্রী নিয়োগ দেওয়া হতে পারে—এমন গুঞ্জনের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, তিনি এ বিষয়ে অবগত নন। তাঁর মতে, প্রধানমন্ত্রীর নেতৃত্বেই এই কূটনৈতিক সাফল্য অর্জিত হয়েছে এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভবিষ্যৎ কার্যক্রম কীভাবে পরিচালিত হবে, সে সিদ্ধান্তও প্রধানমন্ত্রীই নেবেন।
নিজের ওপর পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব আসতে পারে কি না—এমন প্রশ্নের জবাবে শামা ওবায়েদ স্পষ্টভাবে বলেন, তিনি এ বিষয়ে কিছু জানেন না এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবেই সন্তুষ্ট আছেন।

