ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি প্রাদুর্ভাবে হাম উপসর্গে মৃত শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৬ জনে। একই সময়ে নতুন করে ২৫ শিশুসহ মোট ৯৩ জন রোগী হাসপাতালে ভর্তি রয়েছে।
হাসপাতাল সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় হাম আক্রান্ত ২৫ জন নতুন রোগী ভর্তি হয়েছে এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৩৬ জন। বর্তমানে হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে ৯৩ জন রোগী।
তথ্য অনুযায়ী, গত ১৭ মার্চ থেকে এ পর্যন্ত মোট ১ হাজার ৮৫২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ হাজার ৭১৩ জন। একই সময়ে হাম উপসর্গে মোট ৪৬ জনের মৃত্যু হয়েছে।
হাম আইসোলেশন ওয়ার্ডের ফোকাল পারসন ও সহযোগী অধ্যাপক মোহাম্মদ গোলাম মাওলা বলেন, হাসপাতাল কর্তৃপক্ষ সর্বোচ্চ চেষ্টা করে চিকিৎসাসেবা প্রদান করছে। তবে হাম সংক্রমণ প্রতিরোধে পরিবারের সদস্যদের আরও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

