মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি)-এর গ্র্যাজুয়েশন নাইট ২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনকে ঘিরে ব্যতিক্রমী উচ্ছ্বাসের দেখা মেলে। বুধবার (১০ জুন) রাতে আয়োজিত অনুষ্ঠানে গ্র্যাজুয়েটরা আনন্দ প্রকাশের অংশ হিসেবে তাকে শূন্যে তুলে উচ্ছ্বাসে মেতে ওঠেন।
শিক্ষামন্ত্রীর ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, গ্র্যাজুয়েটদের সঙ্গে আনন্দঘন মুহূর্তে তিনি হাস্যোজ্জ্বল ও প্রাণবন্ত ছিলেন। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। অনেকেই মন্তব্যে শিক্ষামন্ত্রীর প্রতি শুভকামনা, ভালোবাসা ও দোয়া জানিয়েছেন।
অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে শিক্ষামন্ত্রী বলেন, বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে কোনো ধরনের আমলাতান্ত্রিক জটিলতাকে প্রশ্রয় দিচ্ছে না। তিনি উল্লেখ করেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ধারাবাহিকতায় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানও শিক্ষার উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন।
তিনি আরও বলেন, সবাইকে সঙ্গে নিয়ে একটি বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার প্রচেষ্টা চলছে। একই সঙ্গে জুলাই বিপ্লবের শহীদদের আত্মত্যাগের মাধ্যমে অর্জিত সুযোগকে কাজে লাগিয়ে নতুন বাংলাদেশ নির্মাণের প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।

