রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে অভিযান চালিয়ে ১ হাজার ৮৩১টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। শনিবার (১৩ জুন) পরিচালিত এ অভিযানের তথ্য রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন।
ডিএমপির তথ্য অনুযায়ী, ট্রাফিক-মতিঝিল বিভাগে সর্বোচ্চ ৩৭৫টি এবং ট্রাফিক-উত্তরা বিভাগে ৩৪৬টি মামলা করা হয়েছে। এছাড়া ট্রাফিক-মিরপুর বিভাগে ৩০৫টি, ওয়ারী বিভাগে ২৫৬টি, গুলশান বিভাগে ১৯৭টি, লালবাগ বিভাগে ১৫৫টি, তেজগাঁও বিভাগে ১৩২টি এবং রমনা বিভাগে ৬৫টি মামলা করা হয়।
অভিযানে বিভিন্ন ধরনের যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে বাস, ট্রাক, কাভার্ডভ্যান, সিএনজিচালিত অটোরিকশা এবং মোটরসাইকেল। সবচেয়ে বেশি মামলা হয়েছে মোটরসাইকেলের বিরুদ্ধে।
এছাড়া ট্রাফিক শৃঙ্খলা নিশ্চিত করতে অভিযান চলাকালে ৩০১টি যানবাহন ডাম্পিং এবং ২১৫টি যানবাহন রেকার করা হয়েছে।
ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, রাজধানীতে সড়কে শৃঙ্খলা বজায় রাখতে ট্রাফিক বিভাগের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

