ফুটবল বিশ্বকাপকে ঘিরে সমর্থকদের আবেগ ও উন্মাদনা বরাবরই আলোচনার বিষয়। এবার প্রিয় দলের প্রতিদ্বন্দ্বী দলের জয়ে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করে আলোচনায় এসেছেন পটুয়াখালীর এক আর্জেন্টিনা সমর্থক।
পটুয়াখালী শহরের কাজীপাড়া এলাকার কাজীবাড়ীর বাসিন্দা কাজী রাফি (২৫) সামাজিক যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়েছিলেন, বিশ্বকাপের গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে হাইতির বিপক্ষে ব্রাজিল জয়ী হলে তিনি মাথা ন্যাড়া করবেন। ম্যাচে ব্রাজিল ৩-০ গোলের জয় পাওয়ার পর নিজের সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করেন তিনি।
শনিবার (২০ জুন) সকালে খেলা শেষে স্থানীয় ব্রাজিল সমর্থকরা রাফির বাড়িতে যান। পরে তিনি স্বেচ্ছায় তাদের সঙ্গে ঝাউতলা গোলচত্বরে এসে উপস্থিত সমর্থকদের সামনে মাথা ন্যাড়া করেন।
এ সময় উপস্থিত ব্যক্তিরা ঘটনাটি মোবাইল ফোনে ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন। এরপর ঘটনাটি দ্রুত নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ে এবং ব্যাপক আলোচনা সৃষ্টি করে।
স্থানীয়দের মতে, প্রতিদ্বন্দ্বী দলের সমর্থক হয়েও নিজের দেওয়া কথা রাখায় অনেকেই রাফির প্রশংসা করেছেন। ফুটবলপ্রেমীদের মধ্যে বিষয়টি নিয়ে হাস্যরসের পাশাপাশি তার প্রতিশ্রুতি পালনের মানসিকতারও প্রশংসা দেখা গেছে।
কাজী রাফি জানান, তিনি নিয়মিত সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের কনটেন্ট তৈরি করেন। মজার ছলে দেওয়া একটি চ্যালেঞ্জ বাস্তবে রূপ দিয়ে নিজের কথা রাখতে পেরে তিনি আনন্দিত।

