মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের (জেআইএম) পরিচালিত বিশেষ অভিযানে ১৮৬ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে সর্বোচ্চ ১১৮ জন বাংলাদেশি নাগরিক রয়েছেন। গত শুক্রবার (১৯ জুন) দিবাগত রাতে রাজধানী কুয়ালালামপুরের পুডু মার্কেট এলাকার আশপাশে বিদেশি নাগরিকদের আবাসস্থলে ‘অপস কুতিপ’ নামে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে কয়েকজন বিদেশি নাগরিক পালিয়ে যাওয়ার এবং বিভিন্ন স্থানে আত্মগোপনের চেষ্টা করেন। তবে কর্তৃপক্ষের দ্রুত তৎপরতায় তাদের আটক করা সম্ভব হয়।
ইমিগ্রেশন বিভাগের এক বিবৃতিতে জানানো হয়, রাত ১২টা ৫ মিনিটে শুরু হওয়া এই অভিযানে কুয়ালালামপুর ফেডারেল টেরিটরি ইমিগ্রেশন বিভাগ, পুত্রাজায়া ও সেলাঙ্গর ইমিগ্রেশন বিভাগ, রয়্যাল মালয়েশিয়া পুলিশ (পিডিআরএম), কুয়ালালামপুর সিটি হল (ডিবিকেএল) এবং জাতীয় নিবন্ধন বিভাগের (জেপিএন) মোট ১৩৭ জন কর্মকর্তা ও সদস্য অংশ নেন।
অভিযানের সময় ৩২০ জন বিদেশি নাগরিকের নথিপত্র যাচাই করা হয়। এর মধ্যে অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে ১৮৬ জনকে আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে ১১৮ জন বাংলাদেশি পুরুষ ছাড়াও ২৮ জন ইন্দোনেশীয়, ২৬ জন মিয়ানমারের, পাঁচজন ভিয়েতনামি, চারজন নেপালি, দুইজন ভারতীয়, একজন পাকিস্তানি এবং দুইজন চীনা নাগরিক রয়েছেন।
প্রাথমিক তদন্তে জানা গেছে, আটক ব্যক্তিদের কেউ ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও মালয়েশিয়ায় অবস্থান করছিলেন। আবার কেউ বৈধ ভ্রমণ নথি বা প্রয়োজনীয় অনুমতিপত্র ছাড়াই সেখানে বসবাস করছিলেন। তাদের বিরুদ্ধে মালয়েশিয়ার ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩-এর সংশ্লিষ্ট ধারায় তদন্ত চলছে।
ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আটক ব্যক্তিদের ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়েছে।

