রাজধানীর মোহাম্মদপুর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং অপরাধ প্রবণতা বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি জানিয়েছেন, এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে ব্যক্তিগত উদ্যোগে স্থাপন করা সিসি ক্যামেরাও বসানোর ৪৮ ঘণ্টার মধ্যে চুরি হয়ে গেছে।
শুক্রবার (১৯ জুন) বিকেলে মোহাম্মদপুরের রিং রোডের সূচনা কমিউনিটি সেন্টারে ঢাকা-১৩ আসনের নাগরিকদের অংশগ্রহণে আয়োজিত এক উন্মুক্ত টাউন হল সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।
স্থানীয় বাসিন্দাদের বিভিন্ন প্রশ্নের জবাবে ববি হাজ্জাজ বলেন, শুধু প্রশাসনের ওপর নির্ভর করলে চলবে না, এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে সাধারণ জনগণকেও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। তিনি উল্লেখ করেন, সাম্প্রতিক সময়ে মোহাম্মদপুরে চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড, চুরি ও ছিনতাইয়ের ঘটনা উদ্বেগজনকভাবে বেড়েছে।
প্রতিমন্ত্রী জানান, সম্প্রতি তার সহকর্মী নুর ইসলামও নিরাপত্তাহীনতার কারণে হামলার শিকার হয়েছেন। এসব অপরাধ দমনে স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে দ্রুত কমিউনিটি পুলিশিং ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে এবং এ লক্ষ্যে শিগগিরই একটি কমিটি গঠন করা হবে।
তিনি আরও বলেন, এলাকায় পুলিশের টহল কার্যক্রম বাড়ানোর চেষ্টা চলছে। তবে দীর্ঘমেয়াদে পরিস্থিতির উন্নয়নে নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়ন ও কার্যকারিতা বৃদ্ধি প্রয়োজন। অপরাধীদের উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে ববি হাজ্জাজ বলেন, মোহাম্মদপুরে কোনো ধরনের সন্ত্রাস, আগ্রাসন কিংবা চাঁদাবাজি সহ্য করা হবে না। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন ও জনগণের সমন্বিত উদ্যোগ অব্যাহত থাকবে।

