গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. জসিম উদ্দিনের বিরুদ্ধে দুই সাংবাদিকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় সাংবাদিক মহলে ব্যাপক ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) বিকেল পৌনে ৪টার দিকে সাদুল্লাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে এ ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, তথ্য সংগ্রহ ও বক্তব্য জানতে দুই সাংবাদিক তার কার্যালয়ে গেলে তিনি প্রথমে তাদের ব্যবহৃত মোবাইল ফোন ও ক্যামেরা টেবিলে রাখতে বলেন। পরে বুম ও ক্যামেরা দেখে তিনি ক্ষুব্ধ হয়ে ওঠেন। একপর্যায়ে সাংবাদিকদের হাতে থাকা সরঞ্জাম সরিয়ে দেন, আঙুল উঁচিয়ে ক্ষোভ প্রকাশ করেন এবং তাদের কার্যালয় থেকে বের হয়ে যেতে বলেন। এরপর তিনি সরকারি গাড়িতে করে দ্রুত স্থান ত্যাগ করেন।
সাংবাদিকদের অভিযোগ, ধাপেরহাট ইউনিয়নের হাসানপাড়া মৌজায় ফোরলেন মহাসড়ক উন্নয়ন প্রকল্পের আওতায় প্রায় সাড়ে ৬ শতক অর্পিত সম্পত্তিকে ব্যক্তি মালিকানাধীন দেখিয়ে প্রায় ৩ কোটি টাকা ক্ষতিপূরণ উত্তোলনের অভিযোগ নিয়ে তথ্য জানতে তারা এসিল্যান্ডের কার্যালয়ে যান। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের মধ্যে অসঙ্গতি থাকায় প্রকৃত তথ্য জানতেই তারা বক্তব্য নেওয়ার চেষ্টা করছিলেন।
হেনস্তার শিকার সাংবাদিকরা জানান, ঘটনার পর জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। পরে সাদুল্লাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মাহমুদুল হাসান বিষয়টি শুনে সাংবাদিকদের তার কার্যালয়ে ডেকে নেন।
রংপুর বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম ঘটনাটি খতিয়ে দেখার আশ্বাস দিয়ে জেলা প্রশাসককে বিষয়টি অবহিত করার পরামর্শ দেন।
অভিযোগের বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মো. জসিম উদ্দিন বলেন, ‘আমার অনুমতি ছাড়াই সাংবাদিকরা ভিডিও ধারণ শুরু করেছিলেন। এটি ঠিক হয়নি।’

