রাজধানীর মতিঝিলের ফকিরাপুল এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় আরাফাত রহমান শাওন (২৩) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় মো. শাহজাহান মিয়া (৫০) নামে এক পথচারী আহত হয়েছেন।
সোমবার (২২ জুন) রাত সাড়ে ১১টার দিকে ফকিরাপুলের রহমানিয়া হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় তাদের দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক রাত ১২টার দিকে শাওনকে মৃত ঘোষণা করেন।
নিহত শাওনের বন্ধু আলিফ জানান, তাদের বাসা হাতিরঝিলের মধুবাগ মীরেরটেক এলাকায়। শাওন ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী ছিলেন। রাতে তারা মোটরসাইকেলে করে পুরান ঢাকার দিকে যাচ্ছিলেন। মোটরসাইকেলটি শাওন চালাচ্ছিলেন। ফকিরাপুল এলাকায় পৌঁছালে রাস্তা পারাপারের সময় এক পথচারীর সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে শাওন ও পথচারী শাহজাহান মিয়া গুরুতর আহত হন।
পরে স্থানীয়দের সহায়তায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক শাওনকে মৃত ঘোষণা করেন। আহত শাহজাহান মিয়া হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।
শাওনের বাড়ি গাজীপুর জেলার টঙ্গী নিশাত নগর এলাকায়। তার বাবার নাম লুৎফর রহমান।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় তদন্তের জন্য মতিঝিল থানাকে অবহিত করা হয়েছে।

