গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বিভিন্ন দেশের জাতীয় পতাকার পরিবর্তে কালেমা খচিত পতাকা উত্তোলনের একটি ব্যতিক্রমী ঘটনা স্থানীয়দের দৃষ্টি আকর্ষণ করেছে। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
জানা গেছে, বুধবার (২৪ জুন) বিকেলে কোটালীপাড়া উপজেলার ঘাঘর ব্রিজের ওপর অজ্ঞাত ব্যক্তিরা সারিবদ্ধভাবে কালেমা খচিত পতাকা টানিয়ে দেয়। সাধারণত আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে কেন্দ্র করে আর্জেন্টিনা, ব্রাজিল, জার্মানি, ইতালি কিংবা স্পেনের জাতীয় পতাকা দেখা গেলেও এবার ভিন্ন চিত্র দেখা গেছে। ব্রিজের দুই পাশজুড়ে আরবি ভাষায় কালেমা লেখা পতাকা দিয়ে সাজানো হয়েছে পুরো এলাকা।
রাতের দিকে ঘটনাটির ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা দ্রুত ভাইরাল হয়ে যায়। স্থানীয় বাসিন্দা ও পথচারীদের অনেকেই এই ব্যতিক্রমী সাজসজ্জা দেখতে ব্রিজ এলাকায় ভিড় করছেন। কেউ ছবি তুলছেন, আবার কেউ স্মৃতিচিহ্ন হিসেবে ফটোসেশন করছেন।
স্থানীয়দের একটি বড় অংশ এই উদ্যোগকে ইতিবাচকভাবে গ্রহণ করেছেন। ধর্মপ্রাণ মানুষের পাশাপাশি সাধারণ দর্শনার্থীরাও দৃশ্যটির প্রশংসা করছেন। তাদের মতে, প্রচলিত ফুটবল উন্মাদনার বাইরে ভিন্নধর্মী এই সাজসজ্জা এলাকাজুড়ে নতুন আলোচনার জন্ম দিয়েছে এবং পরিবেশে একটি ভিন্ন মাত্রা যোগ করেছে।
তবে পতাকাগুলো কারা টানিয়েছে বা এর পেছনে কোনো সংগঠন রয়েছে কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

