কক্সবাজারের ইনানী সমুদ্রসৈকতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া পর্যটক মোহাম্মদ সায়েমের (২২) মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ হওয়ার প্রায় একদিন পর রোববার (২৮ জুন) সকালে সৈকত থেকে প্রায় সাত কিলোমিটার দূরে রামুর রেজুখাল ব্রিজসংলগ্ন এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস।
নিহত সায়েম চট্টগ্রামের হাটহাজারী উপজেলার শিকারপুর ইউনিয়নের কুয়াইশ গ্রামের বাসিন্দা এবং হাটহাজারীর বুড়িশ্চর জিয়াউল উলুম কামিল মাদ্রাসার ফাজিল (ডিগ্রি) শ্রেণির শিক্ষার্থী ছিলেন। পরিবারের একমাত্র ছেলে সায়েমের তিন বোন রয়েছে।
পরিবার সূত্রে জানা যায়, গত শুক্রবার বন্ধুদের সঙ্গে কক্সবাজারে বেড়াতে যান সায়েম। শনিবার দুপুরে ইনানী সমুদ্রসৈকতে গোসল করতে নামার পর একপর্যায়ে তিনি সাগরের পানিতে তলিয়ে যান। এরপর সি-সেফ লাইফগার্ড, কোস্ট গার্ড ও ফায়ার সার্ভিস যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করে।
রোববার সকাল ১০টার দিকে স্থানীয়রা রামুর রেজুখাল ব্রিজসংলগ্ন এলাকায় পানিতে একটি মরদেহ ভাসতে দেখে কর্তৃপক্ষকে খবর দেন। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
নিহতের বাবা মুহাম্মদ ইকবাল জানান, মরদেহ গ্রহণের জন্য পরিবারের সদস্যরা কক্সবাজারে অবস্থান করছেন। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হবে।
এ বিষয়ে Monirul Islam Bhuiyan জানান, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে ফায়ার সার্ভিস রেজুখাল ব্রিজের নিচ থেকে মরদেহ উদ্ধার করেছে। পরিবারের আবেদনের পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ হস্তান্তর করা হবে।

