পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং পরিচ্ছন্ন ক্যাম্পাস গড়ে তোলার প্রত্যয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘বৃক্ষরোপণ ও ক্লিন ক্যাম্পাস’ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৮ জুন) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মতিনুর রহমান। অনুষ্ঠানের শুরুতে বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। পরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম। এছাড়া বিভিন্ন অনুষদের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীরা কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
কর্মসূচি সূত্রে জানা যায়, কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরতে তাদের হাতে গাছের চারা তুলে দেওয়া হয়। পরবর্তীতে উপাচার্যের নেতৃত্বে শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা সম্মিলিতভাবে ক্যাম্পাসের বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন। এ সময় ক্যাম্পাসে ছড়িয়ে-ছিটিয়ে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করে পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার বার্তা দেওয়া হয়।
কর্মসূচিতে অংশগ্রহণকারীদের পরনে ‘বৃক্ষরোপণ ২০২৬, ক্লিন ক্যাম্পাস, ইসলামী বিশ্ববিদ্যালয়’ লেখা বিশেষ টি-শার্ট দেখা যায়। আয়োজকরা জানান, পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন ক্যাম্পাস গড়ে তুলতে ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি নিয়মিত আয়োজন করা হবে।

