ঢাকার মিরপুরে স্ত্রী ইকরার মৃত্যুর ঘটনায় দায়ের করা আত্মহত্যায় প্ররোচনার মামলায় দুই দিনের রিমান্ড শেষে ছোট পর্দার অভিনেতা Jaher Alviকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (৩০ জুন) দুপুরে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট Aminul Islam Junaid এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী Abzal Hossain Mridha।
তিনি জানান, রিমান্ড শেষে অভিযুক্তের পক্ষে কোনো জামিন আবেদন করা হয়নি। এ সময় বাদীপক্ষ আদালতের কাছে মামলার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে ঘটনার সঙ্গে জড়িত অন্যদেরও তদন্তের আওতায় আনার আবেদন জানায়।
এর আগে রিমান্ড শেষে মামলার তদন্ত কর্মকর্তা, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) মিরপুর বিভাগের পরিদর্শক মো. আবদুল মালেক আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয়, রিমান্ডে জিজ্ঞাসাবাদের সময় মামলার তদন্তে সহায়ক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে এবং প্রাথমিক তদন্তে ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততার তথ্য মিলেছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে রাখা প্রয়োজন বলেও আবেদনে উল্লেখ করা হয়।
মামলার নথি অনুযায়ী, গত ১৮ জুন জাহের আলভী আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে ২১ জুন পুলিশ ১০ দিনের রিমান্ড আবেদন করলে ২৪ জুন আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
অন্যদিকে, মামলার অপর আসামি ও জাহের আলভীর মা Nasrin Sultana Shiuli গত ৪ জুন আদালতে আত্মসমর্পণ করে জামিন পান।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১ মার্চ সকালে ঢাকার মিরপুরের বাসা থেকে অভিনেতার স্ত্রী ইকরার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ইকরার মামা শেখ তানভীর আহমেদ বাদী হয়ে জাহের আলভী ও তার মাকে আসামি করে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা দায়ের করেন। অভিযোগে বলা হয়েছে, দীর্ঘদিনের পারিবারিক কলহ ও নির্যাতনের কারণেই ইকরা আত্মহত্যা করতে বাধ্য হন। মামলাটি বর্তমানে তদন্তাধীন।

