সংস্কৃতি চর্চাকে আরও বিকশিত করতে ফরিদপুরের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন, শিল্পী ও সংস্কৃতিসেবীদের আর্থিক অনুদান প্রদান করেছে জেলা প্রশাসন। সংস্কৃতি মন্ত্রণালয়ের বরাদ্দ থেকে এ অনুদান বিতরণের পাশাপাশি সরকারি চাকরিরত অবস্থায় নিহত কর্মচারীদের পরিবারের সদস্যদেরও আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) দুপুরে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে জেলার ২২টি সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিদের হাতে দুটি ক্যাটাগরিতে মোট ১২ লাখ ২৫ হাজার টাকার অনুদানের চেক তুলে দেন জেলা প্রশাসক মাজহারুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মাজহারুল ইসলাম বলেন, বর্তমানে শিল্প-সাহিত্য ও সংস্কৃতির চর্চা আগের তুলনায় অনেকটাই কমে গেছে। যে সমাজে সাহিত্য ও সংস্কৃতির চর্চা নেই, সে সমাজ কার্যত প্রাণহীন হয়ে পড়ে। তিনি বলেন, ভোগ-বিলাসিতার প্রতি অতিরিক্ত আকর্ষণের কারণে নতুন প্রজন্ম সাংস্কৃতিক কর্মকাণ্ড থেকে দূরে সরে যাচ্ছে। এ অবস্থা থেকে বেরিয়ে আসতে শিশু-কিশোরদের সাহিত্য ও সংস্কৃতি চর্চায় সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
তিনি আরও বলেন, নিয়মিত সাহিত্য-সংস্কৃতির চর্চা একটি মননশীল, নৈতিক ও মানবিক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এর মাধ্যমে কিশোর গ্যাং, মাদকাসক্তি, যৌন হয়রানিসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধেও ইতিবাচক প্রভাব পড়বে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সোহরাব হোসেন, জেলা কালচারাল অফিসার সুজিত কুমার সাহা, ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক হাসানউজ্জামান, শিশু সংগঠন ‘ফুলকি’র সভাপতি অঞ্জলি বালা, বাউল শিল্পী আজমল হোসেন, খেয়ালী নাট্য সম্প্রদায়ের আলম খান, ফরিদপুর টাউন থিয়েটারের পলাশ খান, বাংলা থিয়েটারের আনিসুর রহমান, ফরিদপুর আবৃত্তি সংসদের জাহিদুল ইসলামসহ জেলার বিভিন্ন সাহিত্য, সংস্কৃতি ও শিল্পাঙ্গনের নেতৃবৃন্দ।

