ফরিদপুরের সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নে মাদকবিরোধী সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) বিকেলে উপজেলার মাঝারদিয়া বাজারে ছাত্র ও যুবসমাজের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। সমাবেশে মাদক নির্মূলে প্রশাসন ও জনসাধারণের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দিন বলেন, সমাজের কেউই মাদককে ভালো বলতে পারবেন না। মানুষের নেতিবাচক প্রবণতাকে কাজে লাগিয়ে মাদক ধীরে ধীরে একজন মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দেয়।
তিনি বলেন, মাদক সেবনের ফলে মস্তিষ্কের নিউরনের ক্ষতি হয়, স্মৃতিশক্তি দুর্বল হয়ে পড়ে, সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা কমে যায় এবং শারীরিক ও মানসিক স্বাস্থ্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। একসময় একজন মাদকাসক্ত ব্যক্তি পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য বোঝা হয়ে দাঁড়ায়। মাদকের অর্থ জোগাড় করতে গিয়ে অনেকেই চুরি, ছিনতাই, ডাকাতি, পারিবারিক সহিংসতাসহ নানা ধরনের অপরাধে জড়িয়ে পড়ে। এর ফলে একটি পরিবার যেমন ধ্বংস হয়, তেমনি সমাজে অপরাধ ও অস্থিরতাও বৃদ্ধি পায়।
তিনি আরও বলেন, মাদক নির্মূলে শুধু প্রশাসনের অভিযান যথেষ্ট নয়। পরিবার, শিক্ষক, জনপ্রতিনিধি, ধর্মীয় নেতা, যুবসমাজ এবং সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। প্রশাসন মাদকমুক্ত সমাজ গঠনে বদ্ধপরিকর। মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কেউ মাদক ব্যবসার তথ্য দিলে তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিশেষ অতিথির বক্তব্যে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার ও পুরো সমাজকে ধ্বংস করে দেয়। মাদক নির্মূলে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। তবে কেবল পুলিশের পক্ষে এ সমস্যা সমাধান সম্ভব নয়। এজন্য সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।
তিনি বলেন, অভিভাবকদের সন্তানদের চলাফেরা, বন্ধু নির্বাচন ও দৈনন্দিন কর্মকাণ্ডের প্রতি সতর্ক নজর রাখতে হবে। কোথাও মাদক কারবার বা মাদক সেবনের তথ্য পাওয়া গেলে দ্রুত পুলিশকে জানাতে হবে। তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মাদকমুক্ত সালথা গড়ে তুলতে প্রশাসন ও সাধারণ মানুষের সম্মিলিত সহযোগিতা অপরিহার্য।
মাঝারদিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. সাহিদুজ্জামান সাহিদের সভাপতিত্বে এবং উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সোহেল মাতুব্বরের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দবির উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান।
এ সময় উপস্থিত ছিলেন সাবেক পুলিশ কর্মকর্তা হাবিবুর রহমান হাবিব, সাবেক প্রধান শিক্ষক রবিউল আলম, উপজেলা ছাত্রদলের সভাপতি রেজাউল ইসলাম রাজ, কাজী কামরুল, সেলিম মাতুব্বর, উত্তরা পশ্চিম থানা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক স্বপন গোল্ডেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ছাত্র ও যুবসমাজের প্রতিনিধিরা।

