ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের এক শিক্ষার্থীর সঙ্গে অজ্ঞাত ব্যক্তির আপত্তিকর আচরণ ও যৌন হয়রানির অভিযোগের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বুধবার (১ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত এক অফিস আদেশে কমিটি গঠনের বিষয়টি জানানো হয়। একইসঙ্গে কমিটিকে দ্রুততম সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
তিন সদস্যের এই তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মো. আলীনূর রহমানকে। সদস্য সচিব হিসেবে রয়েছেন সহকারী প্রক্টর অধ্যাপক ড. মোহা. খাইরুল ইসলাম এবং সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মো. ওবায়দুল ইসলাম।
এর আগে ভুক্তভোগী শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, তিনি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রথম বর্ষের (২০২৪-২৫ শিক্ষাবর্ষ) শিক্ষার্থী। মঙ্গলবার (১ জুলাই) সকাল ১১টা থেকে ১১টা ১৫ মিনিটের মধ্যে কলা অনুষদের পঞ্চম তলায় ফোকলোর স্টাডিজ বিভাগের করিডোরে অজ্ঞাত এক ব্যক্তি তার সঙ্গে আপত্তিকর আচরণ ও যৌন হয়রানিমূলক ঘটনা ঘটায়। তিনি আরও জানান, অভিযুক্ত ব্যক্তিকে তিনি এর আগে কখনো দেখেননি। এ ঘটনায় তিনি মানসিকভাবে চরম বিব্রত ও আতঙ্কিত হয়ে পড়েছেন।
তদন্ত কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. আলীনূর রহমান বলেন, প্রশাসন ইতোমধ্যে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। বিশ্ববিদ্যালয়ে ছুটি থাকায় শনিবার থেকে তদন্ত কার্যক্রম শুরু করে দ্রুত প্রতিবেদন দেওয়ার চেষ্টা করা হবে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান বলেন, অভিযোগ পাওয়ার পরপরই প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রক্টর ও রেজিস্ট্রার দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

