ফরিদপুরের নগরকান্দা উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ৮২৫ পিস ইয়াবাসহ সোহেল শেখ (৩১) নামে এক কথিত মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
বুধবার (১ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার জুঙ্গুরদী বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে নগরকান্দা থানা পুলিশ। অভিযানের সময় সন্দেহভাজন সোহেল শেখকে তল্লাশি করে তার কাছ থেকে ৮২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে থানায় নেওয়া হয়।
আটক সোহেল শেখ উপজেলার ছাগলদী গ্রামের উত্তরপাড়া এলাকার মৃত রসমত শেখের ছেলে।
নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসুল সামদানি আজাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে সোহেল শেখের কাছ থেকে ৮২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া মাদক জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হবে।
তিনি আরও বলেন, মাদক নির্মূলে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের বিশেষ অভিযান পরিচালনা করা হবে।
নগরকান্দা-সালথা সার্কেলের সহকারী পুলিশ সুপার মুহাম্মদ আল ফাহাদ বলেন, বাংলাদেশ পুলিশের ‘জিরো টলারেন্স’ নীতির আওতায় মাদকের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান পরিচালিত হচ্ছে। সমাজে মাদকের বিস্তার রোধে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। মাদক ব্যবসায়ী ও কারবারিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে পুলিশ দৃঢ় অবস্থানে রয়েছে।

