রাজধানীর চকবাজার এলাকার আশিক টাওয়ারের খাজা মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের মোট ৬টি ইউনিট কাজ করছে।
শনিবার (৪ জুলাই) দুপুর ১টা ৩৪ মিনিটে ভবনটির তৃতীয় তলার একটি দোকানে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিস জানায়, আগুন লাগার খবর পাওয়ার পর দুপুর ১টা ৪৬ মিনিটে লালবাগ ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পরে সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের আরও চারটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়।
ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে নিরলসভাবে কাজ করছেন। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ এবং এ ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির তথ্য জানা যায়নি। আগুনের উৎস ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

