জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা ও সম্মান জানিয়ে ‘জুলাই স্মৃতি স্মারক’ প্রদান করা হয়েছে। শনিবার রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ‘জুলাই জাতীয় সম্মেলন-২০২৬’-এ প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান যৌথভাবে শহীদ পরিবারের সদস্য এবং আন্দোলনে আহতদের হাতে এ স্মারক তুলে দেন।
অনুষ্ঠানে জুলাই-২৪ গণঅভ্যুত্থানের শহীদ মিরাজের বাবা আব্দুর রব মিয়া প্রতিনিধি হিসেবে প্রধানমন্ত্রীর কাছ থেকে স্মৃতি স্মারক গ্রহণ করেন। এছাড়া শহীদ সেলিমের ভাই উজ্জ্বল হোসেন, জুলাই আন্দোলনে আহত আল মিরাজ এবং জুলাই যোদ্ধা মোহাম্মদ আমিনুল ইসলাম ইমনও প্রধানমন্ত্রীর হাত থেকে স্মারক গ্রহণ করেন।
অনুষ্ঠানের সঞ্চালক জানান, প্রতীকীভাবে কয়েকজন প্রতিনিধি স্মৃতি স্মারক গ্রহণ করলেও জুলাই আন্দোলনের সকল শহীদ পরিবার ও আহত যোদ্ধার জন্য পৃথক স্মারক সংরক্ষিত রয়েছে। নির্ধারিত সময়ে এসব স্মারক সংশ্লিষ্ট প্রত্যেক শহীদ পরিবার ও আহত ব্যক্তির কাছে পৌঁছে দেওয়া হবে বলে জানানো হয়।

