দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ৮৩৩ জন শিশু। শনিবার (৪ জুলাই) বিকেলে প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু হলেও নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৬৩৮ জন এবং নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে ৯৩ জন শিশুর মৃত্যু হয়েছে। ফলে এ সময়ে হাম ও হামের উপসর্গজনিত কারণে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭৩১ জনে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ১০১ জন শিশু এবং হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে আরও ৭৩২ জন। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ৭০৪ জন শিশু, আর চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছে ৬৭৫ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা এক লাখ ৪ হাজার ৬৯৩ জন এবং নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১২ হাজার ৫২৬ জন। এ সময় হাসপাতালে ভর্তি হয়েছে মোট ৮৭ হাজার ৯৬৬ জন রোগী, যার মধ্যে ৮৪ হাজার ২১৮ জন চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন।

