ফরিদপুর সদরের কোতোয়ালি থানাধীন কানাইপুর ইউনিয়নের পুরদিয়া গ্রামে ঘটনা ঘটেছে। সোমবার (৫ অক্টোবর) বেলা ১২টা ৫০ মিনিটের দিকে ৫ বছর বয়সী শিশু রুহুল আমিন তার বাড়ির পাশের রাস্তার ওপর খেলা করছিল। এক সময়ে একটি বেপরোয়া ভ্যান তার পেটের ওপর দিয়ে চলে যায়। রক্তাক্ত ও গুরুতর আহত অবস্থায় স্বজনরা তাকে দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে তাকে প্রথমে ট্রমা সেন্টারে ভর্তি করা হয়।
চিকিৎসকরা শিশুর সার্জারি ওয়ার্ডে নেওয়ার পরমর্শ দেন, কিন্তু আসল ভোগান্তি শুরু হয়। শিশুর পরিবার অভিযোগ করেন, ট্রমার পর শিশুকে পাঁচ তলার সার্জারি ওয়ার্ডে নেওয়ার জন্য ট্রলি খোঁজাখুঁজি শুরু করলে সেখানকার একজন ওয়ার্ড বয় এবং ‘আশা’ নামের বিনা বেতনের একজন স্বেচ্ছাসেবী মেয়ে ট্রলি পেতে ২০০ টাকা দাবি করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, টাকা দিতে না পারায় বাধ্য হয়ে স্বজনরা নিজেদের শক্তিতেই শিশুটিকে কোলে নিয়ে এবং হাতে অক্সিজেনের বোতল ধরে পাঁচ তলার সার্জারি ওয়ার্ডে হেঁটে নিয়ে যান।
সার্জারি ওয়ার্ডের কর্তব্যরত চিকিৎসক শিশুটির শারীরিক অবস্থা আশঙ্কাজনক দেখে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। তবে নিয়তির চরম নির্মমতায় ঢাকায় নেওয়ার পথেই শিশু রুহুল মৃত্যুর কোলে পড়ে পড়ে। ফরিদপুরের কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, পুরো বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

