পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক)-এর বর্তমান সংকট শুধু রাজনৈতিক নয়, প্রাতিষ্ঠানিকও। তবে প্রয়োজনীয় সংস্কার এবং কার্যকর উদ্যোগ গ্রহণ করা গেলে সার্ক বাংলাদেশের ভবিষ্যৎ অগ্রযাত্রার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে।
সোমবার (৭ জুলাই) বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) আয়োজিত এক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, সার্ককে পুনরায় একটি কার্যকর ও বাস্তবভিত্তিক আঞ্চলিক সহযোগিতা সংস্থায় পরিণত করতে বাংলাদেশ কাজ করবে। এ জন্য রাজনৈতিক সদিচ্ছার পাশাপাশি প্রাতিষ্ঠানিক সংস্কার এবং সংস্থাটির সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন তিনি।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও জানান, নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর সার্কভুক্ত প্রতিটি সদস্য রাষ্ট্রের সঙ্গে পৃথকভাবে যোগাযোগ করছে বাংলাদেশ। তাঁর দাবি, সংস্থাটিকে পুনরুজ্জীবিত করতে সদস্য দেশগুলোর কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে।
তিনি বলেন, আঞ্চলিক সহযোগিতা আরও শক্তিশালী করতে ভবিষ্যতেও সার্ক ও বিমসটেক—উভয় প্ল্যাটফর্মেই সক্রিয় ভূমিকা পালন করবে বাংলাদেশ।

