টানা বৃষ্টি, জলাবদ্ধতা এবং পরিবহন সংকটের কারণে আজ বুধবার (৮ জুলাই) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়-এর সব ক্লাস ও পূর্বনির্ধারিত পরীক্ষা স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শিক্ষার্থী, শিক্ষক এবং কর্মকর্তা-কর্মচারীদের যাতায়াতে সৃষ্ট চরম দুর্ভোগ বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বুধবার (৮ জুলাই) সকাল সাড়ে ৭টায় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দুর্যোগপূর্ণ আবহাওয়া, বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা এবং পরিবহন সংকটের কারণে বুধবারের সব ক্লাস ও নির্ধারিত পরীক্ষা প্রশাসনিক আদেশক্রমে স্থগিত করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, টানা তিন দিনের ভারী বর্ষণে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এর ফলে যান চলাচল ব্যাহত হওয়ায় শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের যাতায়াতে চরম ভোগান্তি দেখা দেয়। সার্বিক পরিস্থিতি বিবেচনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন এক দিনের জন্য সব একাডেমিক কার্যক্রম ও নির্ধারিত পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছে।

