ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম-কক্সবাজার রেলপথের জানআলীহাট ও ষোলশহর স্টেশনের মধ্যবর্তী অংশে রেললাইন এখনও প্রায় দুই ফুট পানির নিচে তলিয়ে রয়েছে। ফলে কক্সবাজার রুটে ট্রেন চলাচল স্বাভাবিক করা সম্ভব হচ্ছে না।
বুধবার (৮ জুলাই) ভোরে বাংলাদেশ রেলওয়ের পরিচালক (জনসংযোগ) আনিসুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, মঙ্গলবার (৭ জুলাই) ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে আসা পর্যটক এক্সপ্রেস ট্রেনটির চট্টগ্রাম থেকে কক্সবাজার অংশের যাত্রা বাতিল করা হয়। পরে ট্রেনটি পুনরায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।
এদিকে, বুধবার ভোরে ঢাকা থেকে ছেড়ে আসা কক্সবাজার এক্সপ্রেস বর্তমানে চট্টগ্রাম স্টেশনে অপেক্ষমাণ রয়েছে। ষোলশহর-জানআলীহাট সেকশনে রেললাইনের ওপর জমে থাকা পানির উচ্চতা কমে না আসা পর্যন্ত ট্রেনটি কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে দেওয়া সম্ভব হবে না।
বাংলাদেশ রেলওয়ে জানিয়েছে, যেসব যাত্রী ভ্রমণ বাতিল করতে চান তারা চট্টগ্রাম স্টেশনের কাউন্টার থেকে টিকিটের মূল্য ফেরত নিতে পারবেন। আর যারা ঢাকায় ফিরে যেতে ইচ্ছুক, তারা বিকেল ৪টায় একই কক্সবাজার এক্সপ্রেসে চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করতে পারবেন।
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, আকস্মিক প্রাকৃতিক দুর্যোগে সৃষ্ট এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে যাত্রীদের সাময়িক ভোগান্তির জন্য তারা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে।

