চট্টগ্রামের কর্ণফুলী টানেল-এ একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে টানেলের দেয়ালে সজোরে ধাক্কা দিলে ডেকোরেটিভ বোর্ডের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহত বা আহতের ঘটনা ঘটেনি।
মঙ্গলবার (৮ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে টানেলের আনোয়ারা প্রান্ত থেকে পতেঙ্গামুখী টিউবে এ দুর্ঘটনা ঘটে।
দায়িত্বরত কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, আনোয়ারা থেকে পতেঙ্গামুখী একটি প্রাইভেট কার টানেলের ভেতরে নিয়ন্ত্রণ হারিয়ে দেয়ালে আঘাত করে। পরে গাড়িটি দেয়াল ঘেঁষে কিছু দূর পর্যন্ত চলতে থাকে। এতে টানেলের প্রায় ১৫ ফুট ডেকোরেটিভ বোর্ড ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনার পরপরই গাড়িটি জব্দ করা হয়েছে।
টানেলের টোল ইনচার্জ লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ ফারুক জানান, ঘটনায় কোনো হতাহত হয়নি। দুর্ঘটনাকবলিত গাড়িটি জব্দ করা হয়েছে এবং ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

