জাতীয় নির্বাচনের পর প্রথমবারের মতো আগামী ১৩ জুলাই বরিশাল সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরসূচি অনুযায়ী, তিনি গৌরনদীর কসবায় সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্পে অনুষ্ঠিত গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন করবেন। পাশাপাশি বরিশাল নগরে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেওয়ার পাশাপাশি দলীয় সাংগঠনিক সভায়ও উপস্থিত থাকবেন।
মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও বরিশাল জেলা পরিষদের প্রশাসক আকন কুদ্দুসুর রহমান। তিনি জানান, ১৩ জুলাই সকাল ৯টায় ঢাকা থেকে রওনা দেবেন প্রধানমন্ত্রী। গৌরনদীর কসবায় সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্পে মহড়া পরিদর্শন শেষে তিনি বরিশাল নগরে পৌঁছাবেন এবং সেখানে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন। বেলস পার্ক, লেক এলাকা কিংবা গ্র্যান্ড পার্কের আশপাশে এ কর্মসূচি আয়োজনের সম্ভাবনা রয়েছে।
দুপুরের পর বরিশাল শিল্পকলা অ্যাকাডেমিতে বরিশাল মহানগর, জেলা দক্ষিণ ও উত্তর বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে একটি সাংগঠনিক সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধানমন্ত্রী তারেক রহমান দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন বলে জানা গেছে।
বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরীন জানান, বৃষ্টির সম্ভাবনা থাকায় সভাটি উন্মুক্ত স্থানের পরিবর্তে শিল্পকলা অ্যাকাডেমির মিলনায়তনে আয়োজন করা হচ্ছে। এছাড়া সফরকালে প্রধানমন্ত্রী বৃক্ষরোপণ কর্মসূচি এবং আলেম-ওলামাদের সঙ্গে মতবিনিময়েও অংশ নিতে পারেন।
তিনি আরও বলেন, বরিশালবাসীর দীর্ঘদিনের দাবি—৬ লেন সড়ক নির্মাণ, রেললাইন সম্প্রসারণ, বরিশাল-ভোলা সেতু, গ্যাস সরবরাহ এবং ইপিজেড প্রতিষ্ঠার বিষয়গুলো প্রধানমন্ত্রীর জানা রয়েছে। সুযোগ অনুযায়ী এসব প্রত্যাশার বিষয়ও তাঁর সামনে তুলে ধরা হবে।

