রাজধানীর মোহাম্মদপুরে ডাকাতি এবং পুলিশের সোর্সদের ওপর হামলার প্রস্তুতিকালে শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত ‘কুত্তা ফারুক’সহ সাতজনকে গ্রেপ্তার করেছে আদাবর থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চাপাতি, সামুরাইসহ বেশ কয়েকটি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
বুধবার (৮ জুলাই) দিবাগত রাতে মোহাম্মদপুরের শেখেরটেক এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, ফারুকের নেতৃত্বে একটি সংঘবদ্ধ সন্ত্রাসী চক্র মধ্যরাতে একটি মুরগির খামারে ডাকাতির পরিকল্পনা করছিল। একই সঙ্গে সম্প্রতি আদাবর এলাকায় কিশোর গ্যাং নেতা বিল্লাল হোসেন ওরফে ভাইস্তা বিল্লাল এবং মউরা সোহেল গ্রেপ্তারের প্রতিশোধ হিসেবে পুলিশের সোর্সদের ওপর হামলার প্রস্তুতিও নিচ্ছিল তারা।
পুলিশের দাবি, এই চক্রে স্থানীয় সন্ত্রাসীদের পাশাপাশি শরীয়তপুর ও মাদারীপুর থেকে ভাড়াটে সন্ত্রাসীদেরও আনা হয়েছিল। অভিযানের সময় তাদের কাছ থেকে চাপাতি, সামুরাইসহ একাধিক দেশীয় ধারালো অস্ত্র জব্দ করা হয়। পরে গ্রেপ্তারদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য থানায় নেওয়া হয়।
এদিকে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে ভিড় করেন স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগীরা। তারা এলাকায় দীর্ঘদিন ধরে ছিনতাই, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ তুলে ধরেন। তবে তাদের দাবি, অভিযানে গ্রেপ্তারের পরও অনেক আসামি অল্প সময়ের মধ্যে জামিনে মুক্ত হয়ে পুনরায় অপরাধে জড়িয়ে পড়ায় এলাকায় স্থায়ীভাবে অপরাধ নিয়ন্ত্রণে আনা কঠিন হয়ে পড়ছে।

