নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় জমিজমা-সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে সিয়াম মুক্তার ভূঁইয়া (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন।
বুধবার (৮ জুলাই) রাত ৯টার দিকে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের লস্করদী গ্রামের ছাপড়া মসজিদের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় সিয়ামকে প্রথমে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে তিনি মারা যান।
নিহত সিয়াম লস্করদী গ্রামের বাসিন্দা মুক্তার হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, একই বংশের সদস্য মতিন (৫০) ও দেলোয়ার (৪৮)-এর মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। কয়েক দিন আগে বিষয়টি নিষ্পত্তির লক্ষ্যে স্থানীয়ভাবে সালিস অনুষ্ঠিত হলেও কোনো সমাধান হয়নি। এর জের ধরে বুধবার রাতে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে সংঘর্ষ বাধে। এতে সিয়াম, মতিন, দেলোয়ার, মামুনসহ অন্তত ১৫ জন আহত হন।
স্থানীয় সূত্রে জানা গেছে, মতিন স্থানীয় ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি এবং দেলোয়ার আওয়ামী লীগ-সমর্থক হিসেবে পরিচিত। তবে পুলিশ জানিয়েছে, সংঘর্ষের মূল কারণ রাজনৈতিক নয়; বরং দীর্ঘদিনের জমিজমা-সংক্রান্ত বিরোধ।
আড়াইহাজার থানার ওসি (তদন্ত) রিপন কুমার বলেন, জমিজমা-সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে আহত এক যুবকের মৃত্যু হয়েছে। ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং নিহতের ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। তিনি আরও জানান, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

